Powered by Blogger.

Followers

Showing posts with label সারাবিশ্ব. Show all posts
Showing posts with label সারাবিশ্ব. Show all posts

 আইসক্রিম থেকে সাবধান!

অবসর সময়ে একটু আয়েশ করে আইসক্রিম খাচ্ছেন। মাথা ও শরীরটাকে একটু চাঙা করতে চাইছেন। ভালো কথা। কিন্তু খুব খেয়াল! খাবেন—তবে লুকিয়ে লুকিয়ে। কারণ, তৃষ্ণা মেটানোর জন্য যে আইসক্রিম আপনি খাচ্ছেন, তা যদি কেউ দেখে ফেলে, তাহলে উত্তেজিত হয়ে আপনার নামে যৌন হয়রানির মামলা ঠুকে দিতে পারে অনায়াসেই। প্রকাশ্যে একটি আইসক্রিম খেয়েই কিন্তু ফেঁসে গেলেন আপনি। তবে এই আইন নারীদের জন্যই বেশি প্রযোজ্য।
গতকাল শনিবার ডেইলি মেইল অনলাইনের এক খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়, ফিনল্যান্ডের একদল আইনজীবী অনেক ভেবেচিন্তে যৌন হয়রানির আইনে নতুন বিষয়টি সংযুক্ত করার সুপারিশ করেছেন। তাঁরা বলেন, যেসব নারী জনসমক্ষে অন্যকে উসকানি দেওয়ার ভঙ্গিতে আইসক্রিম খাবেন, শুধু তাঁরাই যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হবেন। আর বিষয়টি সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে ওই আইনজীবী দল ইন্টারনেটে একটি ভিডিওচিত্র ছেড়েছেন। তাতে দেখানো হয়েছে, কর্মক্ষেত্রে খুবই অশালীন ইঙ্গিতপূর্ণভাবে আইসক্রিম খাচ্ছেন এক কর্মজীবী তরুণী। আর এ তরুণীর পুরুষ সহকর্মীরা খুবই বিব্রত, অথচ উত্সুক হয়ে তাঁর আইসক্রিম চুষে খাওয়া দেখছেন।
ওই আইনজীবী দল বলে, এটা কি তাহলে যৌন হয়রানির পর্যায়ে পড়ে না? এ প্রশ্নের উত্তর দিয়েছে দ্য ফিনিশ লইয়ারস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সদস্যরা বলছেন, কর্মক্ষেত্রে অনেকে অনেকভাবে নারী বা পুরুষকে যৌন হয়রানি করে থাকে। আর এ ভিডিওচিত্র সে বিষয়ে মানুষকে সতর্ক ও সচেতন করে তুলবে।
ইউরোপীয় ইউনিয়নের যৌন হয়রানিবিষয়ক আইনের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ভিডিওচিত্রটিতে দেখা যায়, ওই নারীর আইসক্রিম খাওয়ার ধরনটি যৌন উত্তেজনাপূর্ণ। আর এ কারণে যে কেউ চোখের পলক না ফেলে ওই নারীর দিকে তাকিয়ে থাকতে পারে। ইউরোপের আইনে বলা আছে, যদি কেউ অন্য কারও সামনে ইচ্ছাকৃতভাবে অশালীন অঙ্গভঙ্গি করে, তাহলে সেটা অপরাধ। সেই হিসেবে ভিডিওচিত্রটিতে ওই নারীর আইসক্রিম খাওয়ার উত্তেজক দৃশ্যটি অবশ্যই যৌন হয়রানির পর্যায়ে পড়ে।

এবার মানুষখেকোর কাছে মিলল মানুষকে বাঁচানোর উপায়!




উত্তাল সাগর মানুষকে হাতছানি দিয়ে ডাকে সবসময়। আর প্রকৃতি-প্রেমী ও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে তো সাগরের দিগন্ত-জোড়া জলরাশির আকর্ষণ একটু অন্যরকম। কিন্তু এই সাগরই কখনও আবার নিজে ভয়াল হয়ে কেড়ে নিয়েছে মানুষের প্রাণ কিংবা সাগরের গহীনে থাকা নিরব ঘাতক হাঙ্গর গ্রাস করেছে মানুষকে। সাগরের দুর্ধর্ষ এক শিকারি প্রাণী এই হাঙ্গর। তাই হাঙ্গর নিয়ে রচিত হয়েছে বহু গল্প-উপন্যাস এবং বিখ্যাত ও লোমহর্ষক অনেক সিনেমা। কিন্তু মানুষখেকো এই হাঙ্গরই এবার সন্ধান দিল মানুষের জীবন সুরক্ষাকারী এক উপাদানের।

সম্প্রতি বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে যে, ডগ ফিশ নামক এক হাঙ্গরের টিস্যুতে ‘স্কোয়ালামাইন’ নামক কোলেস্টেরল দিয়ে তৈরি এক ধরনের উপাদান রয়েছে যা মানুষের প্রাণঘাতী রোগ ডেংগু ও হেপাটাইটিস রোগের জন্য দায়ী ভাইরাস সহ আরও অনেক ভাইরাসকে ধ্বংস এবং প্রতিরোধ করতে সক্ষম।

'স্কোয়ালামাইন' নামক এই উপাদানটি ইতোমধ্যে গবেষকরা পরীক্ষামূলকভাবে মানবদেহে ক্যান্সার ও চোখের সমস্যার চিকিৎসা হিসেবে কোনরূপ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া প্রয়োগ করা হয়েছে। নতুন এ গবেষণায় দেখা গেছে এই উপাদানটি বিভিন্ন ক্ষতিকারক ভাইরাসের জীবনচক্রে বিঘ্ন ঘটায় এমনকি জীবন্ত প্রাণীদেহে কিংবা টিস্যু কালচারেও এদের বংশবৃদ্ধি রোধ করতে সক্ষম।

এই গবেষণা দলের প্রধান ও জর্জটাউন মেডিকেল সেন্টারের গবেষক মাইকেল জেশলফ বলেন “এটা ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে প্রয়োগ করা একদম নতুন একটি পদ্ধতি”

এছাড়া তিনি আরও বলেন:
“বর্তমানে দীর্ঘমেয়াদী ইনফেকশন রোগের চিকিৎসায় এটি একটি কার্যকরী পদ্ধতি"

জেশলফ বলেন-'স্কোয়ালামাইন' একটি ধনাত্মক চার্জযুক্ত একটি যৌগ তাই এটা যখন কোন কোষের ভিতর প্রবেশ করে তখন তা কোষের অভ্যন্তরে অবস্থিত নেগেটিভ চার্জযুক্ত মেমব্রেনের সাথে গিটের মতো করে যুক্ত হয়। এটির নিরাপদ দিক বিবেচনা করে জেশলফ বলেন যে, এক বছরের এটি মানবদেহে চিকিৎসার জন্য প্রয়োগ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, হাঙ্গর তার দেহাভ্যান্তরে এই উপাদানটি প্রায় ৭০০ মিলিয়ন বছর ধরে লুকিয়ে রেখেছে। কিন্তু এখন এটি আমাদের জন্য একটি উপহার।
original post

 দশম শ্রেণীর পরীক্ষা দিলেন শিক্ষামন্ত্রী!

শিক্ষার যে কোনো বয়স নেই, তা আবার প্রমাণ করলেন ভারতের পদুচেরি রাজ্যের শিক্ষামন্ত্রী। রাজ্যমন্ত্রী হয়ে তিনি বসলেন দশম শ্রেণীর সাপ্লিমেন্ট পরীক্ষায়। গত বৃহস্পতিবার চেন্নাই থেকে ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত পদুচেরি রাজ্যের শিক্ষামন্ত্রী পি এম এল কল্যাণসুন্দরম এমনই এক অভাবনীয় ঘটনার জন্ম দিয়েছেন দশম শ্রেণীর অন্য সাধারণ ছাত্রদের সঙ্গে পরীক্ষায় বসে।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, পি এম এল সুন্দরমের বয়স এখন ৩৪। ১৯৯১ সালে দশম শ্রেণীর পরীক্ষায় বিজ্ঞান ও সমাজবিজ্ঞানে ফেল মেরে পড়ালেখায় ইতি টানেন তিনি। এরপর বড় ভাইয়ের ব্যবসায় সহযোগিতা করতেন। এর ১০ বছর পর রাজনীতি শুরু করেন তিনি। আর ২০০৬ সালে রাজ্যসভার নির্বাচনে বিজেপির টিকিট পেয়ে যান। এরপর আর ঠেকায় কে? হয়ে যান রাজ্যের শিক্ষামন্ত্রী।
দুই দশক পর গত বৃহস্পতিবার তিনদিভানাম শহরের একটি বেসরকারি স্কুল থেকে বিজ্ঞান বিভাগের হয়ে পরীক্ষায় অংশ নেন। তিনি বলেন, তিনি স্কুল পাস করে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান। তিনি আরও বলেন, ‘আমার কয়েকজন বন্ধুর সহযোগিতায় পরীক্ষার প্রস্তুতি নিই। গতকাল (বৃহস্পতিবার) আমি বিজ্ঞান পরীক্ষা দিয়েছি। তবে জরুরি সভা থাকায় আজকের (শুক্রবার) সমাজবিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারিনি।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, তিনি বিজ্ঞান পরীক্ষা ভালোই দিয়েছেন। এ বিষয়ে ৬০ নম্বরের বেশি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কল্যাণসুন্দরম জানান, শিক্ষামন্ত্রী হওয়ার পর ২০১১-১২ সেশনে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে ওপেন ইউনিভার্সিটি ব্যবস্থায় বিএ (ইতিহাস) ক্লাসে ভর্তি হন। তিনি বলেন, ‘অনেকে আমাকে ডিগ্রি কেনার জন্য বলেছেন। তবে আমি মনে করি, যথাযথ উপায়ে আমাকে ডিগ্রি অর্জন করতে হবে। আর তাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও আমি আমার পরীক্ষা শেষ করতে চাই।’
তিনদিভানামের জেলার শিক্ষা কর্মকর্তা সি শানমুগাম বলেন, ‘বৃহস্পতিবার তিনি বিজ্ঞান পরীক্ষা দিয়েছেন, তবে শুক্রবার সমাজবিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নেননি। পরে জানতে পারেন যে তিনি পদুচেরির একজন মন্ত্রী।’

৩০ অক্টোবর ভারত মাতাবে মেটালিকা, লেডি গাগা

প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হচ্ছে ফরমুলা ওয়ান গ্রাঁ প্রির সমাপণী অনুষ্ঠান। এ উপলক্ষে চলতি বছরের ৩০ অক্টোবর ব্যাঙ্গালোরের প্যালেস গ্রাউন্ডে পারফর্ম করবে মার্কিন হেভি মেটাল ব্যান্ড মেটালিকা এবং পপ গায়িকা লেডি গাগা। খবর আইবিএন-এর।

অক্টোবরে ভারত সফরে আসছে মেটালিকা। ২৮ অক্টোবর গুড়গাঁয়ের লেইজার ভ্যালিতে এফ ওয়ান রকস কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি। এ ছাড়া ৩০ অক্টোবর ব্যাঙ্গালোরেও পারফর্ম করবে মেটালিকা।

এ ছাড়া, ফরমুলা ওয়ান গ্রাঁ প্রির সমাপণী অনুষ্ঠান উপলক্ষে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে লেডি গাগা শো। ইতোমধ্যেই অনুষ্ঠানটিতে অংশ নিতে সম্মতি জানিয়েছেন তিনি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

ব্রোঞ্জের শোয়ার্জেনেগার!

হলিউডি অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারের অতিমানবীয় মারপিটের দৃশ্য উপভোগ করেননি- এমন মানুষ খুব কমই আছেন। জানা গেছে সম্প্রতি এই মারকুটে অভিনেতা তার শক্তপোক্ত শরীরটাকে অমর করে রাখার উদ্যোগ নিয়েছেন। স্বউদ্যোগে ব্রোঞ্জের ৩টি আত্মপ্রতিকৃতি তৈরি করাচ্ছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের। 

মূর্তিগুলো তৈরির পরে তা উন্মুক্তভাবেই প্রদর্শিত হবে। ৮ ফুট উচ্চতার এই মূর্তি ৩টি শোয়ার্জেনেগারের বডি বিল্ডিং এর মুহূর্তকে ধারণ করবে। বাইশ ইঞ্চি পাটাতনের উপর স্থাপন করা হবে এদের। ভাস্কর্যগুলো তৈরি করছেন রালফ ক্রফোর্ড। 

ইতোমধ্যেই একটি মূর্তি তৈরির কাজ শেষ হয়েছে। সেটা দেখতে সম্প্রতি টিডাব্লিউ ব্রোঞ্জ গ্যালারিতে গিয়েছিলেন শোয়ার্জেনেগার। মূর্তিটি দেখে তিনি এতটাই অভিভূত হয়েছেন যে, এ সম্পর্কে বলতে গিয়ে ৪ বার উচ্চারণ করেছেন, ‘এটি অসাধারণ’। 

শিগগিরই মূর্তিট শোয়ার্জেনেগারের শৈশবের স্মৃতিবিজড়িত অস্ট্রিয়ার স্থানান্তরিত করা হবে। সেখানকার আর্নল্ড শোয়ার্জেনেগার যাদুঘরে রাখা হবে এটি। জানা গেছে, তার আরেকটি মূর্তি স্থান পাবে ওহাইওতে, যেখানে প্রতি বছর বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করেন শোয়ার্জেনেগার। বাকি মূর্তিটি নাকি নিজের কাছেই রেখে দেবেন তিনি।  




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

হলিউডি ছবিতে পুনম পাণ্ডে!

বিশ্বকাপ জেতায় ভারতীয় ক্রিকেটারদের জন্য বিবসনা হয়ে দৌড়ানোর ঘোষণা দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন মডেল পুনম পাণ্ডে। নিজের প্রতিজ্ঞা পূরণে এখন পর্যন্ত সফল না হলেও, সম্প্রতি আবারো নতুন এক ঘোষণা দিয়ে তিনি সাড়া ফেলে দিয়েছেন বলিউড পাড়ায়। পুনমের দাবি অনুযায়ী, খুব শিগগিরই নাকি তাকে দেখা যাবে হলিউডি ছবিতে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। 

ঘোষণা দেওয়ার ব্যাপারে ওস্তাদ এই মডেল সম্প্রতি এই দাবিটি জোরগলাতেই করেছেন ইন্টারনেটে। তিনি জানিয়েছেন, ‘সুখবর, সুখবর, সুখবর! আপনারা সবাই খুব শিগগিরই আমাকে দেখতে পাবেন হলিউডি ছবিতে। আরো নতুন খবরের অপেক্ষায় থাকুন আর আমাকে আশীর্বাদ করুন।’ 

পুনমের নিজের এই পোস্টটি ছাড়া অবশ্য আর কোনো সূত্র থেকে খবরটির কোনো নিশ্চয়তা মেলেনি। সময়ই বলে দেবে পুনমের এই ঘোষণা কতটুকু সত্যি। অবশ্য সবাই ধরেই নিয়েছেন, এবারো ফাঁকা বুলির জোরেই বলিউড কাঁপাচ্ছেন তিনি।
  



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

৮২ বছরে পা দিলেন ভারতের নাইটিঙ্গেল

২৮ সেপ্টেম্বর ৮২ বছরে পা দিলেন প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। দীর্ঘ ৭ দশকের মিউজিক ক্যারিয়ারে অন্তত ৩০ হাজার গানে কণ্ঠ দিয়েছেন ‘নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া’খ্যাত এই শিল্পী। জীবনের এতোটা পথ পাড়ি দিয়ে আজও তার কণ্ঠমাধুর্য বিমোহিত করে চলেছে অগণিত ভক্ত-শ্রোতাদের। পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবেই জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন এই গুণী শিল্পী। খবর স্ক্রিন ইন্ডিয়ার।

নিজের জন্মদিন উদযাপন প্রসঙ্গে লতা জানিয়েছেন, ‘আমি কখনোই ঘটা করে জন্মদিন পালন করি না। জন্মদিনে কেক কাটার বিষয়টিকেও সমর্থন করি না আমি। সাদামাটা ঘরোয়া আয়োজনের মধ্য দিয়েই জন্মদিন পালনের পরিকল্পনা করেছি। এখানে আমার পরিবারের সব সদস্যই উপস্থিত থাকবেন।’

লতা আরো জানিয়েছেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত এবং বন্ধুদের শুভেচ্ছাগ্রহণ করতে করতেই পুরোটা দিন কেটে যাবে। এর একদিন পর ২৯ সেপ্টেম্বর হৃদয়নাথ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেবো আমি।’

উল্লেখ্য, ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা। মারাঠি একটি গানের মধ্য দিয়ে ১৯৪২ সালে মিউজিক ক্যারিয়ার শুরু করেছিলেন। তাঁর গাওয়া ১ম হিন্দী গান ১৯৪৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘আপ কি সেবা মে’ ছবির ‘পা লাগু কার জোরি’। পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ম, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

জ্যাকসনের প্রাণঘাতি 'মিল্ক'!

পপ সম্রাট প্রয়াত মাইকেল জ্যাকনের অকালমৃত্যুর জন্য দায়ী করা হয় প্রপোফলের মাত্রাতিরিক্ত সেবনকেই। অনিদ্রার কবল থেকে মুক্তি পেতে নিয়মিতই এই ওষুধটি ব্যবহারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন তিনি। আদর করে এই ভয়ঙ্কর ওষুধটির নাম দিয়েছিলেন ‘মিল্ক’। খবর টাইমস অফ ইন্ডিয়ার।  

মাইকেলের প্রাণঘাতি এই ‘মিল্ক’ আসলে একটি শক্তিশালী চেতনানাশক ওষুধ। মৃত্যুর আগে তার নতুন করে ফিরে আসার কনসার্ট ‘দিস ইজ ইট’-এর প্রস্তুতির জন্য প্রচণ্ড পরিশ্রম করতেন তিনি। কিন্তু তারপরও রাতে ঘুম হতো না তার। তার অনিদ্রার সমস্যাটি ছিলো চরম পর্যায়ের। আর সে কারণেই তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে তাকে পরামর্শ দেন প্রপোফল ব্যবহারের। আর এটির ওপর অতিরিক্ত নির্ভরশীলতাই কাল হয়ে দাড়ায় পপ সম্রাটের জন্য।

তবে উচ্চক্ষমতা সম্পন্ন এই চেতনানাশকটি কিভাবে প্রতিদিনের ব্যহারের জন্য জ্যাকসনকে পরামর্শ দিয়েছিলেন মারে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

মারের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, জ্যাকসনের স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন ছিলেন তিনি। জ্যাকসনের ঘরে তার জীবনের সুরক্ষার কোনো রকম ব্যবস্থা না করেই তাকে একা ফেলে চলে গিয়েছিলেন মারে। আর তখনই জ্যাকসন প্রপোফলের অতিরিক্ত সেবনে মৃত্যুর কোলে ঢলে পড়েন।




বিডিনিউজটেয়েন্টিফোরডটকম

যুক্তরাষ্ট্রে ৪ কোটি ৬২ লাখ মানুষ দরিদ্র

যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৪ কোটি ৬২ লাখ। এই হিসাব অনুযায়ী দেশটিতে প্রতি ৬ জনের মধ্যে ১ জন মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করে।

যুক্তরাষ্ট্রের জনগণনা ব্যুরোর বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।

২০১০ সালের ওই তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে দরিদ্রের হার বেড়ে ১৫ দশমিক ১ শতাংশ হয়েছে। ২০০৯ সালে এ হার ছিল ১৪ দশমিক ৩ শতাংশ।

১৯৮৩ সালের পর দেশটিতে বর্তমান সময়েই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করছে।
তবে ১৯৯৩ সালেও সমসংখ্যক মার্কিনি দারিদ্র্যের মধ্যে বসবাস করতো।

দেশটিতে দরিদ্রসীমার নিচে বসবাসকারীর সংখ্যা প্রতি চার বছরে বাড়ছে।

যুক্তরাষ্ট্রে চার সদস্য বিশিষ্ট একটি পরিবারের বার্ষিক আয় ২২ হাজার ৩১৪ মার্কিন ডলার অথবা তার কম হলে সেই পরিবারটিকে দরিদ্র বলে বিবেচনা করা হয়।

এছাড়া একক কোনো ব্যক্তির আয় বছরে ১১ হাজার ১৩৯ মার্কিন ডলার হলে সেও দরিদ্র বলে গণ্য হবে।
ওই তথ্যে আরো বলা হয়েছে, কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকদের মধ্যে দারিদ্র্যের হার অন্য মার্কিনিদের চেয়ে বেশি।

কৃষ্ণাঙ্গদের মধ্যে ২৭ দশমিক ৪ এবং হিস্পানিকদের ২৬ দশমিক ৬ শতাংশ দরিদ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পেসমেকারের উদ্ভাবক উইলসন গ্রেটব্যাচ আর নেই


ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হৃদযন্ত্রে স্থাপনযোগ্য পেসমেকারের উদ্ভাবক উইলসন গ্রেটব্যাচ মারা গেছেন। মঙ্গলবার নিউ ইয়র্কের বাফেলোতে নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।

পেসমেকারের উদ্ভাবন গত কয়েক দশকের সবচেয়ে উল্লেখযোগ্য প্রযুক্তিগত আবিষ্কারের একটি বলে স্বীকৃত। রোগাক্রান্ত হৃদযন্ত্রে পেসমেকার স্থাপনের মাধ্যমে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা যায়। যন্ত্রটির উদ্ভাবনে বিশ্বের লাখ লাখ হৃদরোগী আসন্ন মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে।

১৯৬০ সালে মানবদেহে প্রথম পেসমেকার স্থাপন করা হয়। এটি স্থাপনের মাধ্যমে রোগীর হৃদস্পন্দন স্বাভাবিক হয়। এখন প্রতি বছর বিশ্বের কয়েক লাখ মানুষ হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে দেহে পেসমেকার স্থাপন করে।

গ্রেটব্যাচের মৃত্যুর কারণ জানা যায় নি। তার মেয়ে অ্যানি মার্শিয়েলারো তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। আর জামাতা ল্যারি মার্শিয়েলারো জানান, কিছুদিন যাবৎ তার শরীরের অবস্থা খারাপ যাচ্ছিলো।

১৫০টিরও বেশি উদ্ভাবনের স্বত্ব (প্যাটেন্ট) রয়েছে গ্রেটব্যাচের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজীবন সম্মাননা নিলেন রোমান পোলানস্কি

জুরিখ চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করলেন চলচ্চিত্র পরিচালক রোমান পোলানোস্কি। দু'বছর আগে তিনি এ সম্মাননা অর্জন করেন। কিন্তু তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তিনি এতোদিন ওই পুরস্কার গ্রহণ করতে পারেন নি।

১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে পোলানোস্কির বিরুদ্ধে। এই অভিযোগে ২০০৯ সালে জুরিখে তাকে গ্রেপ্তার করে সুইস পুলিশ। গ্রেপ্তারের পর তাকে গৃহবন্দি করা হয়। সম্প্রতি এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় তিনি পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত হতে পেরেছেন বলে বিবিসি জানায়।

বর্তমানে ৭৮ বছর বয়সী পোলিশ-ফরাসি বংশোদ্ভূত এ পরিচালক বিনা বাধায় সুইজারল্যান্ডে ভ্রমণ করতে পারবেন।

পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে যাওয়ার সময় হলভর্তি দর্শক দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে সম্মান জানায়। এ পুরস্কার নেওয়ার জন্য জুরিখে এসেই গ্রেপ্তার হন পোলানস্কি।

পুরস্কার নেওয়ার সময় তিনি বলেন, আমার জন্য অদ্ভুত এক বার্ষিকী এটা। দুই বছর পর একই দিনে। এর কিছু অংশ ভুলে যেতে পারলেই ভালো, তবে এখানে আসতে পেরে আমি আনন্দিত। সুইজারল্যান্ডে আসতে আমি বরাবরই ভালোবাসি।

তার কঠিন সময়ে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশেষ করে জুরিখ কারাগারে থাকার সময় সেখানকার কর্মীদের আমি ধন্যবাদ জানাই। আমার কঠিন সময়টা সহনীয় করে তুলেছিলো তারা।

২০০৯ সালে ফ্রান্স থেকে জুরিখে আসলে বিমান বন্দরেই গ্রেপ্তার করা হয় পোলানস্কিকে। তবে যুক্তরাষ্ট্রের হাতে তাকে হস্তান্তরের আবেদন প্রত্যাখ্যান করে সুইজারল্যান্ড।

১৯৭৭ সালে ধর্ষণসহ ছয়টি অভিযোগে অভিযুক্ত হন পোলানস্কি। ১৯৭৮ সালে ধর্ষণের অপরাধ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রে ৪২ দিন কারাগারে কাটান।

এরপর যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান পোলানস্কি। তারপর আর কখনোই তিনি মার্কিন মুলুকে পা রাখেন নি। এমনকি ২০০৩ সালে 'দ্য পিয়ানিস্ট' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালকের অস্কার জিতলেও পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে যান নি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Facebook Twitter RSS