অবশেষে মাধুরের শর্ত মানলেন কারিনা

অবশেষে মাধুর ভান্ডারকারের মতামতকেই মেনে নিলেন কারিনা কাপুর। এর মধ্য দিয়ে তাদের নতুন প্রকল্প ‘হিরোইন’ ছবির স্ক্রিপ্ট নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটলো। সম্প্রতি তারা একাধিক বৈঠক করে স্ক্রিপ্ট নিয়ে কারিনার যেসব অভিযোগ ছিলো তা মিটিয়ে ফেলেছেন। খবর ওয়ান ইন্ডিয়ার।  

কারিনার বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়- এমন কিছু বিষয় ছবিটির স্ক্রিপ্ট থেকে বাদ দেওয়ার প্রস্তাব মেনে না নেওয়ায় ছবিটি না করার সিন্ধান্ত নিয়েছিলেন কারিনা। এ ছাড়া ছবির কয়েকটি উত্তেজক দৃশ্যে অভিনয় করতেও আপত্তি তুলেছিলেন বেবো। তবে শেষতক আলোচনা টেবিলে এসব জটিলতার অবসান হয়েছে। মাধুরের সব শর্তই মেনে নিয়েছেন কারিনা। 

মাধুর ও কারিনা দুটি বৈঠক করে বিষয়গুলো মিমাংসা করেছেন। ছবিটির পরিচালক কারিনাকে বোঝাতে সক্ষম হন, যে জায়গাটি নিয়ে তিনি আপত্তি তুলেছিলেন তা ছবির গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও আবশ্যকও বটে। 

এ প্রসঙ্গে কারিনা জানিয়েছেন, ‘আমি মাধুরের মতামত মেনে নিয়েছি। আলোচনার সময় তিনি আমাকে টাবু অভিনীত ‘চাঁদনি বার’ চলচ্চিত্রের উদাহরণ দিয়েছেন যা আমার কাছে খুবই যুক্তিসঙ্গত মনে হয়েছে। ‘হিরোইন’ ছবির গল্পের প্রয়োজনে তার সব শর্তকেই মেনে নিয়েছি আমি।’ 




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Facebook Twitter RSS