জ্যাকসনের প্রাণঘাতি 'মিল্ক'!

পপ সম্রাট প্রয়াত মাইকেল জ্যাকনের অকালমৃত্যুর জন্য দায়ী করা হয় প্রপোফলের মাত্রাতিরিক্ত সেবনকেই। অনিদ্রার কবল থেকে মুক্তি পেতে নিয়মিতই এই ওষুধটি ব্যবহারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন তিনি। আদর করে এই ভয়ঙ্কর ওষুধটির নাম দিয়েছিলেন ‘মিল্ক’। খবর টাইমস অফ ইন্ডিয়ার।  

মাইকেলের প্রাণঘাতি এই ‘মিল্ক’ আসলে একটি শক্তিশালী চেতনানাশক ওষুধ। মৃত্যুর আগে তার নতুন করে ফিরে আসার কনসার্ট ‘দিস ইজ ইট’-এর প্রস্তুতির জন্য প্রচণ্ড পরিশ্রম করতেন তিনি। কিন্তু তারপরও রাতে ঘুম হতো না তার। তার অনিদ্রার সমস্যাটি ছিলো চরম পর্যায়ের। আর সে কারণেই তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে তাকে পরামর্শ দেন প্রপোফল ব্যবহারের। আর এটির ওপর অতিরিক্ত নির্ভরশীলতাই কাল হয়ে দাড়ায় পপ সম্রাটের জন্য।

তবে উচ্চক্ষমতা সম্পন্ন এই চেতনানাশকটি কিভাবে প্রতিদিনের ব্যহারের জন্য জ্যাকসনকে পরামর্শ দিয়েছিলেন মারে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

মারের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, জ্যাকসনের স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন ছিলেন তিনি। জ্যাকসনের ঘরে তার জীবনের সুরক্ষার কোনো রকম ব্যবস্থা না করেই তাকে একা ফেলে চলে গিয়েছিলেন মারে। আর তখনই জ্যাকসন প্রপোফলের অতিরিক্ত সেবনে মৃত্যুর কোলে ঢলে পড়েন।




বিডিনিউজটেয়েন্টিফোরডটকম

Facebook Twitter RSS