Blog Archive

Powered by Blogger.

Followers

জ্যান্ত কবর!

মৃত্যুর পর মাটির নিচের জগতে প্রবেশ করতে হবে_এ কথাটা তো সবারই জানা। কিন্তু যদি এমন হয়, কোনো মানুষকে মৃত ভেবে কফিনে ঢুকিয়ে কিংবা মাটিচাপা দেওয়া হলো আর পরে জানা গেল, মানুষটা আসলে মৃত ছিল না! জ্যান্ত কবর নিয়ে প্রধান ফিচার লিখেছেন ফাহমিদা হক
গা শিউরানো জ্যান্ত কবর দেওয়ার ঘটনা অনেক ঘটেছে, জেনে হোক বা না জেনে। একটা সময় ছিল, যখন কাউকে শাস্তি হিসেবে কোনো কফিনে ভরে মাটিতে পুঁতে দেওয়া হতো। প্রাচীন রোমে, একজন যাজককে দোষী সাব্যস্ত করে সামান্য রুটি আর পানির সঙ্গে একটি বাঙ্ েভরে সিল করে পুঁতে ফেলা হয়। বলা হয়, যদি তিনি নির্দোষ হন তাহলে তাঁর ঈশ্বরই তাঁকে রক্ষা করবেন। অবশ্য তাঁর ভাগ্যে কী ঘটেছিল, তা জানা যায়নি। অনেক যাজককেই এভাবে প্রাণ হারাতে হয়েছে, যাঁদের মধ্যে ছিলেন সেন্ট কাস্তুলাস ও সেন্ট ভিতালিস অব মিলান।
মধ্যযুগে ইতালিতে অনেক খুনিকেও এভাবে জ্যান্ত কবর দিয়ে শাস্তি দেওয়া হতো। সপ্তদশ ও অষ্টাদশ শতকের গোড়ার দিকে সামন্ততান্ত্রিক রাশিয়ায়ও এমনিভাবে জীবন্ত পুঁতে ফেলে শাস্তির বিধান ছিল সেসব মেয়ের জন্য, যারা নিজেদের স্বামীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে। এই শাস্তির বিধানটি পরিচিত ছিল 'দ্য পিট' নামে। এ ধরনের শাস্তির বিধান প্রচলিত ছিল ১৯৩৭ সাল পর্যন্ত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনারা চীনা নাগরিকদের এভাবে জ্যান্ত পুঁতে ফেলত, যা 'ন্যানজিং হত্যাযজ্ঞ' নামে পরিচিত।
অনিচ্ছাকৃত ঘটনা
তবে সব সময় যে শাস্তির জন্যই জ্যান্ত কবর দেওয়া হতো, তা নয়; কখনো কখনো ভুলে জ্যান্ত মানুষকে মৃত মনে করে কবর দিয়ে দেওয়া হতো। এভাবে কবর দেওয়ার ফলে বেশির ভাগ সময়ই জীবিত মানুষটা মাটির নিচেই দম বন্ধ হয়ে কিংবা খাবারের অভাবে আতঙ্কগ্রস্ত হয়ে মারা পড়ে। মৃত্যুর আগেই যদি ভুলে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হয়_এই ভয়ে জর্জ ওয়াশিংটন মৃত্যুশয্যায় ভৃত্যদের শপথ করান, তাঁর মৃত্যুর পর ১২ দিন পার না হলে যেন তাঁকে কবর না দেওয়া হয়। ১৮৯০ সালের দিকে অনেক রোগীকেই মৃত মনে করে মর্গে পাঠিয়ে দেওয়ার দৃষ্টান্তও রয়েছে।

* দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৮৫১ সালে মারা যান ভার্জিনিয়া ম্যাকডোনাল্ড। কিন্তু তাঁকে কবর দিয়ে দেওয়ার পর মায়ের মনে হতে থাকে, তাঁর মেয়ে বুঝি এখনো বেঁচে আছে। ভার্জিনিয়ার কফিনটি তুলে আনার পর দেখা যায়, 'মৃত' ভার্জিনিয়ার হাত দুটি ক্ষতবিক্ষত। কফিনের গায়ে আঁচড়ের ধরন দেখেই অনুমান করা যায়, কতটা চেষ্টা করেছিল সে কফিন থেকে বেরিয়ে আসার।

* ১৮৯৬ সালে 'মৃত' ঘোষণার পর ম্যাডাম ব্লনডেনকে সমাহিত করা হয় একটি স্কুলের নিচে। কিন্তু স্কুলের বাচ্চারা যখন মাটির নিচ থেকে শব্দ শুনতে পাওয়ার অভিযোগ করে, তখন আবার কফিন ওপরে তুলে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সে সময় ব্লনডেন ছিলেন জীবনের অন্তিম মুহূর্তে, অল্প অল্প শ্বাস নিতে নিতেই ত্যাগ করেন শেষ নিশ্বাস।

* ১৮৮৬ সালে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত একটি খবর অনুসারে, কলিন্স নামের একটি ছোট্ট মেয়ে হঠাৎ মারা যাওয়ার পর তাকে সমাহিত করা হয়। কিন্তু পরে আবার তার কফিন খোলার পর দেখা যায়, তার হাত, পা আর মুখের অভিব্যক্তি ছিল ভীষণ অস্বাভাবিক, যা তাকে জীবন্ত কবর দেওয়ার ব্যাপারটি প্রমাণ করে।

* ১৮৮৯ সালে দ্য ডেইলি টেলিগ্রাফের একটি খবরে গ্রেনোবলে সমাহিত করা একটি অজ্ঞাত লোকের কাহিনী ছিল। লোকটিকে মৃত ঘোষণা করার পর যখন তাঁর কফিনটি মাটিতে রাখা হচ্ছিল, তখন হঠাৎই ভেতর থেকে গোঙানি আর হাতড়ানোর শব্দ শোনা যায়। কিন্তু যতক্ষণে কফিনটি খুলে তাঁকে বের করে আনা হয়, ততক্ষণে তিনি দম বন্ধ হয়ে মারাই গেছেন। প্রায় একই ধরনের ঘটনার খবর প্রকাশিত হয় ১৮৩৮ সালে, দ্য সানডে টাইমসে।
* ১৮৭৭ সালে দ্য ব্রিটিশ মেডিক্যাল জার্নালে এক মহিলার কথা বলা হয়, যাঁকে মৃত ঘোষণার পর সমাহিত করা হয়। কিছুদিন পর যখন আরেকটি মৃতদেহ দাফনের জন্য তাঁর কবর খোঁড়া হয়, তখন দেখা যায়, তাঁর শরীরটি ভীষণ বাঁকানো। এমন ঘটনা ঘটে ১৮৮৪ সালে মিস হকওয়াল্টের বেলায়ও।

* ১৮৭১ সালে ১৭ বছর বয়সী ম্যারি নোরাহ বেস্টকে মৃত ঘোষণা করা হয়। তবে ধারণা করা হয়, তার মৃত্যুতে অনেকে উপকৃত হবে বলেই হয়তো তাকে তড়িঘড়ি সমাহিত করা হয়েছিল। ১৮৮১ সালে কফিন খুলে ম্যারির কঙ্কালটি পাওয়া যায় বসা অবস্থায়!

* ১৯০১ সালে মাদাম ববিন ইয়েলো ফিভারে আক্রান্ত হন। সে সময় তিনি ছিলেন গর্ভবতী। তাঁকে মৃত ঘোষণার পর যখন সমাহিত করা হচ্ছিল, তখন তাঁর নার্সের মনে হচ্ছিল, যেন তাঁর শরীরটা গরম আর পেশিগুলোও খুব একটা শক্ত নয়। পরে তার কফিন খুলে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। তিনি সেখানেই একটি বাচ্চা প্রসব করেছেন আর তারা দুজনই শ্বাস আটকে মারা যায়।

 আইসক্রিম থেকে সাবধান!

অবসর সময়ে একটু আয়েশ করে আইসক্রিম খাচ্ছেন। মাথা ও শরীরটাকে একটু চাঙা করতে চাইছেন। ভালো কথা। কিন্তু খুব খেয়াল! খাবেন—তবে লুকিয়ে লুকিয়ে। কারণ, তৃষ্ণা মেটানোর জন্য যে আইসক্রিম আপনি খাচ্ছেন, তা যদি কেউ দেখে ফেলে, তাহলে উত্তেজিত হয়ে আপনার নামে যৌন হয়রানির মামলা ঠুকে দিতে পারে অনায়াসেই। প্রকাশ্যে একটি আইসক্রিম খেয়েই কিন্তু ফেঁসে গেলেন আপনি। তবে এই আইন নারীদের জন্যই বেশি প্রযোজ্য।
গতকাল শনিবার ডেইলি মেইল অনলাইনের এক খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়, ফিনল্যান্ডের একদল আইনজীবী অনেক ভেবেচিন্তে যৌন হয়রানির আইনে নতুন বিষয়টি সংযুক্ত করার সুপারিশ করেছেন। তাঁরা বলেন, যেসব নারী জনসমক্ষে অন্যকে উসকানি দেওয়ার ভঙ্গিতে আইসক্রিম খাবেন, শুধু তাঁরাই যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হবেন। আর বিষয়টি সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে ওই আইনজীবী দল ইন্টারনেটে একটি ভিডিওচিত্র ছেড়েছেন। তাতে দেখানো হয়েছে, কর্মক্ষেত্রে খুবই অশালীন ইঙ্গিতপূর্ণভাবে আইসক্রিম খাচ্ছেন এক কর্মজীবী তরুণী। আর এ তরুণীর পুরুষ সহকর্মীরা খুবই বিব্রত, অথচ উত্সুক হয়ে তাঁর আইসক্রিম চুষে খাওয়া দেখছেন।
ওই আইনজীবী দল বলে, এটা কি তাহলে যৌন হয়রানির পর্যায়ে পড়ে না? এ প্রশ্নের উত্তর দিয়েছে দ্য ফিনিশ লইয়ারস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সদস্যরা বলছেন, কর্মক্ষেত্রে অনেকে অনেকভাবে নারী বা পুরুষকে যৌন হয়রানি করে থাকে। আর এ ভিডিওচিত্র সে বিষয়ে মানুষকে সতর্ক ও সচেতন করে তুলবে।
ইউরোপীয় ইউনিয়নের যৌন হয়রানিবিষয়ক আইনের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ভিডিওচিত্রটিতে দেখা যায়, ওই নারীর আইসক্রিম খাওয়ার ধরনটি যৌন উত্তেজনাপূর্ণ। আর এ কারণে যে কেউ চোখের পলক না ফেলে ওই নারীর দিকে তাকিয়ে থাকতে পারে। ইউরোপের আইনে বলা আছে, যদি কেউ অন্য কারও সামনে ইচ্ছাকৃতভাবে অশালীন অঙ্গভঙ্গি করে, তাহলে সেটা অপরাধ। সেই হিসেবে ভিডিওচিত্রটিতে ওই নারীর আইসক্রিম খাওয়ার উত্তেজক দৃশ্যটি অবশ্যই যৌন হয়রানির পর্যায়ে পড়ে।

ফিবোনাচি ধারার রহস্য পর্ব-১



0 1 1 2 3 5 8 13 21 34 55 89 144 233 …………

লিউনার্দো ফিবোনাচি
লিউনার্দো ফিবোনাচি
উপরের ডিজিট গুলোর মাঝে একটা মজার ব্যাপার আছে, বলুন দেখি ব্যাপার টা কি? হ্যা, ধরে ফেলেছেন। এই ধারার প্রত্যেকটি ডিজিট তার আগের দুইটি ডিজিটের যোগফল। আর এই ধারাটাকেই বলা হয় ফিবোনাচি ধারা এবং আমি সহ অনেকের ধারনা ব্যাপক রহস্যময় ধারা।ইতালিয়ান গণিতবিদ লিউনার্দো ফিবোনাচি এই ধারাটি প্রকাশ করেন।
প্রথম থেকেই বলে আসছি রহস্যময়তার কথা, আসুন এখনি কিছু উদাহরন দেখি। কিন্তু তার আগে আমাদের অনেক গুলো ফিবোনাচি সংখ্যা দরকার, চলুন এক নজরে প্রথম ৪৭ টা ফিবোনাচি সংখ্যা দেখে নেই-
F0 0 | F1 1 | F2 1 | F3 2 | F4 3 | F5 5 | F6 8 | F7 13 | F8 21 | F9 34 F10 55 | F11 89 | F12 144 | F13 233 | F14 377 | F15 610 | F16 987 | F17 1597 | F18 2584 | F19 4181 | F20 6765 | F21 10946 | F22 17711 | F23 28657 | F24 46368 | F25 75025 | F26 121393 | F27 196418 | F28 317811 | F29 514229 | F30 832040 | F31 1346269 | F32 2178309 | F33 3524578 | F34 5702887 | F35 9227465 | F36 14930352 | F37 24157817 | F38 39088169 | F39 63245986 | F40 102334155 | F41 165580141 | F42 267914296 | F43 433494437 | F44 701408733 | F45 1134903170 | F46 1836311903
আমরা এক কাজ করি, এই লিস্ট থেকে পরপর যেকোনো 4 টি সংখ্যা নেই।

8 13 21 34

এখন ১ম সংখ্যার সাথে ৪র্থ সংখ্যাটি যোগ করি : 8+34= 42
২য় সংখ্যা সাথে ৩য় সংখ্যা যোগ করি : 13+21= 34
এখন যোগফল দুটি বিয়োগ করলে 42-34= 8 !! সেই প্রথম সংখ্যাটি
অর্থাৎ ফিবোনাচি ধারার যেকোনো ৪ টি সংখ্যার শেষের দুটির যোগফল এবং মাঝের দুটির যোগফলের পার্থক্য প্রথম সংখ্যাটার সমান।
গানিতিক ভাষায়-

(Fn +Fn+4) – (Fn+3 +Fn+2) = Fn

এবার দেখি আরেকটা মজার ব্যাপার, উপরের ফিবোনাচি সংখ্যাগুলো যেগুলো ২ বা তার বেশি ডিজিটের সেগুলোর শেষ ডিজিট গুলো লিখি-

3 1 4 5 9 4 3…………

একটু খেয়াল করলেই দেখবেন এই নতুন ধারাটারও যেকোনো ডিজিট তার আগের ২ ডিজিটের যোগফলের শেষ ডিজিটের সমান। যেমন 9+4=13, এর শেষ ডিজিট 3 ।
আরেকটা অদ্ভুত ব্যাপার হল ফিবোনাচি ধারার প্রতি 60 ফিবোনাচি সংখ্যার পর আবার ফিবোনাচি ধারাই শেষ ডিজিট হিসেবে ফিরে আসে। যেমন-
F60 =1548008755920
F61 =2504730781961
F62 =4052739537881
F63 =6557470319842
F64 =10610209857723
F65 =17167680177565
শেষ ডিজিটগুলো 0 1 1 2 3 5……. আবার ফিবোনাচি সংখ্যা!!!
এতখন আসলে ফিবোনাচি ধারার বৈশিস্ট্য সম্পর্কে বলছিলাম, ফিবোনাচি ধারার আসল মাহার্থ হচ্ছে প্রকৃতির মাঝে ছড়ানো ছিটানো ভাবে থাকা এই ধারা। চলুন দেখি–
মৌমছির জীবন টা একটু অদ্ভুত। একটি ছেলে মৌমাছির জন্ম দেয় শুধু মা মৌমাছি, তার জন্য বাবা মৌমাছির প্রয়োজন নেই। কিন্তু একটি মেয়ে মৌমাছির জন্ম দেয়ার জন্য বাবা এবং মা উভয়েরই প্রয়োজন হয়। আমরা যদি মেয়ে মৌমাছিকে F আর ছেলে মৌমাছিকে M ধরে একটা বংশতালিকা করি তাহলে চিত্রটা এমন হবে-
মৌমাছির বংশতালিকা
মৌমাছির বংশতালিকা
উপর থেকে মৌমাছির পরিবারে সদস্য সংখ্যা গুনতে থাকেলে দেখা যাবে- 0 1 1 2 3 5 8 13 21……., ফিবোনাচি ধারা!!!
আসুন এইবার একটু খরগোসের জীবন চক্র দেখি। এক জোড়া খরগোস বড় হতে সময় লাগে ১মাস।বড় হবার পর ২য় মাস থেকে প্রতিমাসে মেয়ে খরগোসটি ১টি ছেলে আর ১টি মেয়ে অর্থাৎ এক জোড়া খরগোসের জন্ম দেয়। এখন একটু হিসেব করি।
খরগোসের জীবন চক্র
মাস-১ ; ১টি ছেলে আর ১টি মেয়ে বাচ্চা খরগোস ; জোড়া সংখ্যা-১
এই জোড়া বাচ্চা খরগোস গুলোর বড় হতে ১ মাস সময় লাগবে, ফলে-
মাস-২; ১টি ছেলে আর ১টি মেয়ে বড় খরগোস ; জোড়া সংখ্যা-১
বড় হওয়ার পর তারা একজোড়া বাচ্চা খরগোস জন্ম দেবে, তাহলে-
মাস-৩; ১ জোড়া বাচ্চা খরগোস আর ১ জোড়া বড় খরগোস; জোড়া সংখ্যা-২
এরপর, বাচ্চা খরগোস গুলো ১ মাসে বড় হবে এবং এই সময়ের মাঝে বড় খরগোস আরেক জোড়া বাচ্চার জন্ম দেবে, তাই-
মাস-৪; ১ জোড়া বাচ্চা খরগোস আর ২ জোড়া বড় খরগোস, জোড়া সংখ্যা-৩
এর পরের মাসে, ১ মাসে বাচ্চা খরগোস বড় হবে এর এর মাঝে বড় ২ জোড়া খরগোস আরোও ২ জোড়া বাচ্চা খরগোস জন্ম দেবে,
মাস-৫; ২ জোড়া বাচ্চা আর ৩ জোড়া বড় খরগোস,জোড়া সংখ্যা-৫……………… এভাবেই চলতে থাকবে।
তাহলে জোড়া সংখ্যা গুলো একটু লিখি- 1 1 2 3 5 ……..!!!! আমি কিছু বলব না, আপনারাই বুঝে নিন।
আজ এতটুকুই, তবে আবার আসছি আরোও লিখা নিয়ে।এই লিখাটা ধারাবাহিক ভাবে লিখব। ১০ টা পর্বে লিখব বলে ভেবেছি, দেখা যাক কি হয়। আর আপনাদের কাছে আমার কথা হচ্ছে, পোস্ট পরে ভাল লাগুক আর নাই লাগুক, মতামত জানান। আপনাদের মতামত গণিত ইশকুলকে আর অনেক দূর নিয়ে যাবে।

এবার মানুষখেকোর কাছে মিলল মানুষকে বাঁচানোর উপায়!




উত্তাল সাগর মানুষকে হাতছানি দিয়ে ডাকে সবসময়। আর প্রকৃতি-প্রেমী ও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে তো সাগরের দিগন্ত-জোড়া জলরাশির আকর্ষণ একটু অন্যরকম। কিন্তু এই সাগরই কখনও আবার নিজে ভয়াল হয়ে কেড়ে নিয়েছে মানুষের প্রাণ কিংবা সাগরের গহীনে থাকা নিরব ঘাতক হাঙ্গর গ্রাস করেছে মানুষকে। সাগরের দুর্ধর্ষ এক শিকারি প্রাণী এই হাঙ্গর। তাই হাঙ্গর নিয়ে রচিত হয়েছে বহু গল্প-উপন্যাস এবং বিখ্যাত ও লোমহর্ষক অনেক সিনেমা। কিন্তু মানুষখেকো এই হাঙ্গরই এবার সন্ধান দিল মানুষের জীবন সুরক্ষাকারী এক উপাদানের।

সম্প্রতি বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে যে, ডগ ফিশ নামক এক হাঙ্গরের টিস্যুতে ‘স্কোয়ালামাইন’ নামক কোলেস্টেরল দিয়ে তৈরি এক ধরনের উপাদান রয়েছে যা মানুষের প্রাণঘাতী রোগ ডেংগু ও হেপাটাইটিস রোগের জন্য দায়ী ভাইরাস সহ আরও অনেক ভাইরাসকে ধ্বংস এবং প্রতিরোধ করতে সক্ষম।

'স্কোয়ালামাইন' নামক এই উপাদানটি ইতোমধ্যে গবেষকরা পরীক্ষামূলকভাবে মানবদেহে ক্যান্সার ও চোখের সমস্যার চিকিৎসা হিসেবে কোনরূপ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া প্রয়োগ করা হয়েছে। নতুন এ গবেষণায় দেখা গেছে এই উপাদানটি বিভিন্ন ক্ষতিকারক ভাইরাসের জীবনচক্রে বিঘ্ন ঘটায় এমনকি জীবন্ত প্রাণীদেহে কিংবা টিস্যু কালচারেও এদের বংশবৃদ্ধি রোধ করতে সক্ষম।

এই গবেষণা দলের প্রধান ও জর্জটাউন মেডিকেল সেন্টারের গবেষক মাইকেল জেশলফ বলেন “এটা ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে প্রয়োগ করা একদম নতুন একটি পদ্ধতি”

এছাড়া তিনি আরও বলেন:
“বর্তমানে দীর্ঘমেয়াদী ইনফেকশন রোগের চিকিৎসায় এটি একটি কার্যকরী পদ্ধতি"

জেশলফ বলেন-'স্কোয়ালামাইন' একটি ধনাত্মক চার্জযুক্ত একটি যৌগ তাই এটা যখন কোন কোষের ভিতর প্রবেশ করে তখন তা কোষের অভ্যন্তরে অবস্থিত নেগেটিভ চার্জযুক্ত মেমব্রেনের সাথে গিটের মতো করে যুক্ত হয়। এটির নিরাপদ দিক বিবেচনা করে জেশলফ বলেন যে, এক বছরের এটি মানবদেহে চিকিৎসার জন্য প্রয়োগ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, হাঙ্গর তার দেহাভ্যান্তরে এই উপাদানটি প্রায় ৭০০ মিলিয়ন বছর ধরে লুকিয়ে রেখেছে। কিন্তু এখন এটি আমাদের জন্য একটি উপহার।
original post

 দশম শ্রেণীর পরীক্ষা দিলেন শিক্ষামন্ত্রী!

শিক্ষার যে কোনো বয়স নেই, তা আবার প্রমাণ করলেন ভারতের পদুচেরি রাজ্যের শিক্ষামন্ত্রী। রাজ্যমন্ত্রী হয়ে তিনি বসলেন দশম শ্রেণীর সাপ্লিমেন্ট পরীক্ষায়। গত বৃহস্পতিবার চেন্নাই থেকে ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত পদুচেরি রাজ্যের শিক্ষামন্ত্রী পি এম এল কল্যাণসুন্দরম এমনই এক অভাবনীয় ঘটনার জন্ম দিয়েছেন দশম শ্রেণীর অন্য সাধারণ ছাত্রদের সঙ্গে পরীক্ষায় বসে।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, পি এম এল সুন্দরমের বয়স এখন ৩৪। ১৯৯১ সালে দশম শ্রেণীর পরীক্ষায় বিজ্ঞান ও সমাজবিজ্ঞানে ফেল মেরে পড়ালেখায় ইতি টানেন তিনি। এরপর বড় ভাইয়ের ব্যবসায় সহযোগিতা করতেন। এর ১০ বছর পর রাজনীতি শুরু করেন তিনি। আর ২০০৬ সালে রাজ্যসভার নির্বাচনে বিজেপির টিকিট পেয়ে যান। এরপর আর ঠেকায় কে? হয়ে যান রাজ্যের শিক্ষামন্ত্রী।
দুই দশক পর গত বৃহস্পতিবার তিনদিভানাম শহরের একটি বেসরকারি স্কুল থেকে বিজ্ঞান বিভাগের হয়ে পরীক্ষায় অংশ নেন। তিনি বলেন, তিনি স্কুল পাস করে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান। তিনি আরও বলেন, ‘আমার কয়েকজন বন্ধুর সহযোগিতায় পরীক্ষার প্রস্তুতি নিই। গতকাল (বৃহস্পতিবার) আমি বিজ্ঞান পরীক্ষা দিয়েছি। তবে জরুরি সভা থাকায় আজকের (শুক্রবার) সমাজবিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারিনি।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, তিনি বিজ্ঞান পরীক্ষা ভালোই দিয়েছেন। এ বিষয়ে ৬০ নম্বরের বেশি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কল্যাণসুন্দরম জানান, শিক্ষামন্ত্রী হওয়ার পর ২০১১-১২ সেশনে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে ওপেন ইউনিভার্সিটি ব্যবস্থায় বিএ (ইতিহাস) ক্লাসে ভর্তি হন। তিনি বলেন, ‘অনেকে আমাকে ডিগ্রি কেনার জন্য বলেছেন। তবে আমি মনে করি, যথাযথ উপায়ে আমাকে ডিগ্রি অর্জন করতে হবে। আর তাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও আমি আমার পরীক্ষা শেষ করতে চাই।’
তিনদিভানামের জেলার শিক্ষা কর্মকর্তা সি শানমুগাম বলেন, ‘বৃহস্পতিবার তিনি বিজ্ঞান পরীক্ষা দিয়েছেন, তবে শুক্রবার সমাজবিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নেননি। পরে জানতে পারেন যে তিনি পদুচেরির একজন মন্ত্রী।’

জেনে নিন প্রথম কিছু



● প্রথম চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় চীনে।

● বিশ্বের প্রথম ল্যাপটপ 'আইবিএম ৫১১'

● এশিয়ায় প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর।

● বিদেশী প্রধানমন্ত্রীদের মধ্যে প্রথম বাংলাদেশে আসেন ইন্দিরা গান্ধী।

● বাংলাদেশে প্রথম আগমনকারী বৃটিশ প্রধানমন্ত্রী জেমস কালাহান।

● বাংলাদেশে প্রথম আগমনকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

● ফ্রান্সের প্যানহার্ড অ্যান্ড লেভাসর বিশ্বে প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে গাড়ি নির্মাণ করে।

● ১৯৯৪ সালে 'ফগক্যাম' নামক ওয়েব ক্যামটি সান ফ্রান্সিস্কো ইউনিভার্সিটিতে সর্বপ্রথম আবিষ্কৃত/ব্যবহৃত হয়, যা এখনো সচল রয়েছে।

● সিডি (কম্পেক্ট ডিস্ক) প্রথম সফলভাবে তৈরি করতে সক্ষম হয় জাপানি প্রতিষ্ঠান সনি।

● বিশ্বখ্যাত কোমল পানীয় কোকাকোলার প্রথম বিক্রিটি হয় ৮ মে, ১৮৮৬ সালে, জর্জিয়ার জ্যাকব’স ফার্মাসিতে!!!

● প্রথম মহাকাশচারী ইউরী গ্যগরিন।

● প্রথম মহাকাশ পর্যটক যুক্তরাষ্ট্রের ড্যানিস টিটো।

● প্রথম টেষ্ট ক্রিকেট ব্যাটসম্যান চার্লস ব্যানারম্যান (অষ্ট্রেলিয়া)।

● টেষ্ট ক্রিকেট প্রথম বোলার আলফ্রেওশ (ইংল্যান্ড)।

● জিম লেকারই প্রথম, যিনি টেষ্টের ১ ইনিংসে ১০ উইকেট শিকার করেন।

● টেষ্ট ক্রিকেটের প্রথম ভেন্যু হল মেলবোর্ন (অষ্ট্রেলিয়া)।

● প্রথম ডাকটিকিটের নাম 'পেনিব্ল্যাক' (ইংল্যান্ড)।

● প্রথম টেষ্টটিউব বেবি - লুইস ব্রাউন।

● পৃথিবীর প্রথম বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয় খ্রিষ্টপূর্ব ৬৯৫ সালে প্রাচীন আসিরীয় রাজ্যের নিনেভাহতে।


সূত্র

৩০ অক্টোবর ভারত মাতাবে মেটালিকা, লেডি গাগা

প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হচ্ছে ফরমুলা ওয়ান গ্রাঁ প্রির সমাপণী অনুষ্ঠান। এ উপলক্ষে চলতি বছরের ৩০ অক্টোবর ব্যাঙ্গালোরের প্যালেস গ্রাউন্ডে পারফর্ম করবে মার্কিন হেভি মেটাল ব্যান্ড মেটালিকা এবং পপ গায়িকা লেডি গাগা। খবর আইবিএন-এর।

অক্টোবরে ভারত সফরে আসছে মেটালিকা। ২৮ অক্টোবর গুড়গাঁয়ের লেইজার ভ্যালিতে এফ ওয়ান রকস কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি। এ ছাড়া ৩০ অক্টোবর ব্যাঙ্গালোরেও পারফর্ম করবে মেটালিকা।

এ ছাড়া, ফরমুলা ওয়ান গ্রাঁ প্রির সমাপণী অনুষ্ঠান উপলক্ষে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে লেডি গাগা শো। ইতোমধ্যেই অনুষ্ঠানটিতে অংশ নিতে সম্মতি জানিয়েছেন তিনি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

ব্রোঞ্জের শোয়ার্জেনেগার!

হলিউডি অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারের অতিমানবীয় মারপিটের দৃশ্য উপভোগ করেননি- এমন মানুষ খুব কমই আছেন। জানা গেছে সম্প্রতি এই মারকুটে অভিনেতা তার শক্তপোক্ত শরীরটাকে অমর করে রাখার উদ্যোগ নিয়েছেন। স্বউদ্যোগে ব্রোঞ্জের ৩টি আত্মপ্রতিকৃতি তৈরি করাচ্ছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের। 

মূর্তিগুলো তৈরির পরে তা উন্মুক্তভাবেই প্রদর্শিত হবে। ৮ ফুট উচ্চতার এই মূর্তি ৩টি শোয়ার্জেনেগারের বডি বিল্ডিং এর মুহূর্তকে ধারণ করবে। বাইশ ইঞ্চি পাটাতনের উপর স্থাপন করা হবে এদের। ভাস্কর্যগুলো তৈরি করছেন রালফ ক্রফোর্ড। 

ইতোমধ্যেই একটি মূর্তি তৈরির কাজ শেষ হয়েছে। সেটা দেখতে সম্প্রতি টিডাব্লিউ ব্রোঞ্জ গ্যালারিতে গিয়েছিলেন শোয়ার্জেনেগার। মূর্তিটি দেখে তিনি এতটাই অভিভূত হয়েছেন যে, এ সম্পর্কে বলতে গিয়ে ৪ বার উচ্চারণ করেছেন, ‘এটি অসাধারণ’। 

শিগগিরই মূর্তিট শোয়ার্জেনেগারের শৈশবের স্মৃতিবিজড়িত অস্ট্রিয়ার স্থানান্তরিত করা হবে। সেখানকার আর্নল্ড শোয়ার্জেনেগার যাদুঘরে রাখা হবে এটি। জানা গেছে, তার আরেকটি মূর্তি স্থান পাবে ওহাইওতে, যেখানে প্রতি বছর বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করেন শোয়ার্জেনেগার। বাকি মূর্তিটি নাকি নিজের কাছেই রেখে দেবেন তিনি।  




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

অবশেষে মাধুরের শর্ত মানলেন কারিনা

অবশেষে মাধুর ভান্ডারকারের মতামতকেই মেনে নিলেন কারিনা কাপুর। এর মধ্য দিয়ে তাদের নতুন প্রকল্প ‘হিরোইন’ ছবির স্ক্রিপ্ট নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটলো। সম্প্রতি তারা একাধিক বৈঠক করে স্ক্রিপ্ট নিয়ে কারিনার যেসব অভিযোগ ছিলো তা মিটিয়ে ফেলেছেন। খবর ওয়ান ইন্ডিয়ার।  

কারিনার বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়- এমন কিছু বিষয় ছবিটির স্ক্রিপ্ট থেকে বাদ দেওয়ার প্রস্তাব মেনে না নেওয়ায় ছবিটি না করার সিন্ধান্ত নিয়েছিলেন কারিনা। এ ছাড়া ছবির কয়েকটি উত্তেজক দৃশ্যে অভিনয় করতেও আপত্তি তুলেছিলেন বেবো। তবে শেষতক আলোচনা টেবিলে এসব জটিলতার অবসান হয়েছে। মাধুরের সব শর্তই মেনে নিয়েছেন কারিনা। 

মাধুর ও কারিনা দুটি বৈঠক করে বিষয়গুলো মিমাংসা করেছেন। ছবিটির পরিচালক কারিনাকে বোঝাতে সক্ষম হন, যে জায়গাটি নিয়ে তিনি আপত্তি তুলেছিলেন তা ছবির গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও আবশ্যকও বটে। 

এ প্রসঙ্গে কারিনা জানিয়েছেন, ‘আমি মাধুরের মতামত মেনে নিয়েছি। আলোচনার সময় তিনি আমাকে টাবু অভিনীত ‘চাঁদনি বার’ চলচ্চিত্রের উদাহরণ দিয়েছেন যা আমার কাছে খুবই যুক্তিসঙ্গত মনে হয়েছে। ‘হিরোইন’ ছবির গল্পের প্রয়োজনে তার সব শর্তকেই মেনে নিয়েছি আমি।’ 




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

চুমুর দৃশ্যে অভিনয় কঠিন: রণবীর

বলিউডি ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে চুমুর ব্যাপারটি এখন প্রায় ডালভাতের মতোই হয়ে গেছে। বলিউডি অভিনেতা রণবীর কাপুরকেও তার বেশ কয়েকটি ছবিতে এরকম দৃশ্যে অভিনয় করতে হয়েছে। কিন্তু এরকম দৃশ্যে অভিনয়ের ব্যাপারটি নাকি কখনোই অতটা সহজ নয় যতটা পর্দায় দেখা যায়; বরং অ্যাকশন দৃশ্যে অভিনয়ের চেয়েও এটি কোনো অংশেই কম কঠিন নয় বলেই মন্তব্য করেছেন রণবীর। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

সম্প্রতি ভারতীয় টিভি শো আপকা আদালতে এমন সব তথ্যই দিয়েছেন রণবীর। তিনি বলেছেন, ‘অধিকাংশ সময়েই আমাকে প্রেমের ছবিতে অভিনয় করতে হয়েছে; স্বাভাবিকভাবেই ছবিগুলোতে চুমুর দৃশ্যও চলে এসেছে। এমন নয় যে, আমার কথামতো ছবিগুলোতে চুমুর দৃশ্য সংযোজিত হয়েছে।’

‘বাচনা অ্যায় হাসিনো, আনজানা আনজানি, রকস্টার’-এর মতো বেশ কয়েকটি ছবিতে চুমুর দৃশ্যে অভিনয় করা এই তারকা আরো বলেছেন, ‘চুমুর দৃশ্যে অভিনয় করাটা বেশ কঠিন। ক্যামেরা, লাইট এবং শত শত মানুষের ভীড়ে শুটিং সেটে একটি মেয়েকে চুমু খাওয়াটা সত্যিই অস্বস্তিকর। পুরো ব্যাপারটা আমার জন্যে খুবই যান্ত্রিক; অনেকটা অ্যাকশন দৃশ্যের মতোই।’

অনুষ্ঠানটিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ভেঙ্গে যাওয়া সম্পর্কের ব্যাপারেও কথা বলেছেন রণবীর। তিনি জানিয়েছেন, ‘দীপিকার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিলো। সেই সম্পর্ক ভাঙার পরও আমাদের মাঝে ভালো বন্ধুত্ব বজায় রয়েছে। তবে যে কারণে আমাদের সম্পর্কটি ভেঙে যায়, সেটি পুরোপুরিই আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা খুবই খারাপ হবে যদি এ ব্যাপারে আমি মুখ খুলি। কারণ দীপিকা এখনো একা এবং ভবিষ্যতে তিনি অন্য কাউকে বিয়ে করবেন।’

বাস্তব জীবনে দীপিকার সঙ্গে প্রেমের অবসান ঘটলেও, রূপালি পর্দায় কিন্তু রোমান্স ঠিকই চালিয়ে যাচ্ছেন এই দুজন। করণ জোহরের নতুন প্রজেক্ট ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন তারা।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

হলিউডি ছবিতে পুনম পাণ্ডে!

বিশ্বকাপ জেতায় ভারতীয় ক্রিকেটারদের জন্য বিবসনা হয়ে দৌড়ানোর ঘোষণা দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন মডেল পুনম পাণ্ডে। নিজের প্রতিজ্ঞা পূরণে এখন পর্যন্ত সফল না হলেও, সম্প্রতি আবারো নতুন এক ঘোষণা দিয়ে তিনি সাড়া ফেলে দিয়েছেন বলিউড পাড়ায়। পুনমের দাবি অনুযায়ী, খুব শিগগিরই নাকি তাকে দেখা যাবে হলিউডি ছবিতে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। 

ঘোষণা দেওয়ার ব্যাপারে ওস্তাদ এই মডেল সম্প্রতি এই দাবিটি জোরগলাতেই করেছেন ইন্টারনেটে। তিনি জানিয়েছেন, ‘সুখবর, সুখবর, সুখবর! আপনারা সবাই খুব শিগগিরই আমাকে দেখতে পাবেন হলিউডি ছবিতে। আরো নতুন খবরের অপেক্ষায় থাকুন আর আমাকে আশীর্বাদ করুন।’ 

পুনমের নিজের এই পোস্টটি ছাড়া অবশ্য আর কোনো সূত্র থেকে খবরটির কোনো নিশ্চয়তা মেলেনি। সময়ই বলে দেবে পুনমের এই ঘোষণা কতটুকু সত্যি। অবশ্য সবাই ধরেই নিয়েছেন, এবারো ফাঁকা বুলির জোরেই বলিউড কাঁপাচ্ছেন তিনি।
  



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

৮২ বছরে পা দিলেন ভারতের নাইটিঙ্গেল

২৮ সেপ্টেম্বর ৮২ বছরে পা দিলেন প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। দীর্ঘ ৭ দশকের মিউজিক ক্যারিয়ারে অন্তত ৩০ হাজার গানে কণ্ঠ দিয়েছেন ‘নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া’খ্যাত এই শিল্পী। জীবনের এতোটা পথ পাড়ি দিয়ে আজও তার কণ্ঠমাধুর্য বিমোহিত করে চলেছে অগণিত ভক্ত-শ্রোতাদের। পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবেই জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন এই গুণী শিল্পী। খবর স্ক্রিন ইন্ডিয়ার।

নিজের জন্মদিন উদযাপন প্রসঙ্গে লতা জানিয়েছেন, ‘আমি কখনোই ঘটা করে জন্মদিন পালন করি না। জন্মদিনে কেক কাটার বিষয়টিকেও সমর্থন করি না আমি। সাদামাটা ঘরোয়া আয়োজনের মধ্য দিয়েই জন্মদিন পালনের পরিকল্পনা করেছি। এখানে আমার পরিবারের সব সদস্যই উপস্থিত থাকবেন।’

লতা আরো জানিয়েছেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত এবং বন্ধুদের শুভেচ্ছাগ্রহণ করতে করতেই পুরোটা দিন কেটে যাবে। এর একদিন পর ২৯ সেপ্টেম্বর হৃদয়নাথ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেবো আমি।’

উল্লেখ্য, ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা। মারাঠি একটি গানের মধ্য দিয়ে ১৯৪২ সালে মিউজিক ক্যারিয়ার শুরু করেছিলেন। তাঁর গাওয়া ১ম হিন্দী গান ১৯৪৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘আপ কি সেবা মে’ ছবির ‘পা লাগু কার জোরি’। পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ম, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

জ্যাকসনের প্রাণঘাতি 'মিল্ক'!

পপ সম্রাট প্রয়াত মাইকেল জ্যাকনের অকালমৃত্যুর জন্য দায়ী করা হয় প্রপোফলের মাত্রাতিরিক্ত সেবনকেই। অনিদ্রার কবল থেকে মুক্তি পেতে নিয়মিতই এই ওষুধটি ব্যবহারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন তিনি। আদর করে এই ভয়ঙ্কর ওষুধটির নাম দিয়েছিলেন ‘মিল্ক’। খবর টাইমস অফ ইন্ডিয়ার।  

মাইকেলের প্রাণঘাতি এই ‘মিল্ক’ আসলে একটি শক্তিশালী চেতনানাশক ওষুধ। মৃত্যুর আগে তার নতুন করে ফিরে আসার কনসার্ট ‘দিস ইজ ইট’-এর প্রস্তুতির জন্য প্রচণ্ড পরিশ্রম করতেন তিনি। কিন্তু তারপরও রাতে ঘুম হতো না তার। তার অনিদ্রার সমস্যাটি ছিলো চরম পর্যায়ের। আর সে কারণেই তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে তাকে পরামর্শ দেন প্রপোফল ব্যবহারের। আর এটির ওপর অতিরিক্ত নির্ভরশীলতাই কাল হয়ে দাড়ায় পপ সম্রাটের জন্য।

তবে উচ্চক্ষমতা সম্পন্ন এই চেতনানাশকটি কিভাবে প্রতিদিনের ব্যহারের জন্য জ্যাকসনকে পরামর্শ দিয়েছিলেন মারে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

মারের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, জ্যাকসনের স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন ছিলেন তিনি। জ্যাকসনের ঘরে তার জীবনের সুরক্ষার কোনো রকম ব্যবস্থা না করেই তাকে একা ফেলে চলে গিয়েছিলেন মারে। আর তখনই জ্যাকসন প্রপোফলের অতিরিক্ত সেবনে মৃত্যুর কোলে ঢলে পড়েন।




বিডিনিউজটেয়েন্টিফোরডটকম

যুক্তরাষ্ট্রে ৪ কোটি ৬২ লাখ মানুষ দরিদ্র

যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৪ কোটি ৬২ লাখ। এই হিসাব অনুযায়ী দেশটিতে প্রতি ৬ জনের মধ্যে ১ জন মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করে।

যুক্তরাষ্ট্রের জনগণনা ব্যুরোর বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।

২০১০ সালের ওই তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে দরিদ্রের হার বেড়ে ১৫ দশমিক ১ শতাংশ হয়েছে। ২০০৯ সালে এ হার ছিল ১৪ দশমিক ৩ শতাংশ।

১৯৮৩ সালের পর দেশটিতে বর্তমান সময়েই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করছে।
তবে ১৯৯৩ সালেও সমসংখ্যক মার্কিনি দারিদ্র্যের মধ্যে বসবাস করতো।

দেশটিতে দরিদ্রসীমার নিচে বসবাসকারীর সংখ্যা প্রতি চার বছরে বাড়ছে।

যুক্তরাষ্ট্রে চার সদস্য বিশিষ্ট একটি পরিবারের বার্ষিক আয় ২২ হাজার ৩১৪ মার্কিন ডলার অথবা তার কম হলে সেই পরিবারটিকে দরিদ্র বলে বিবেচনা করা হয়।

এছাড়া একক কোনো ব্যক্তির আয় বছরে ১১ হাজার ১৩৯ মার্কিন ডলার হলে সেও দরিদ্র বলে গণ্য হবে।
ওই তথ্যে আরো বলা হয়েছে, কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকদের মধ্যে দারিদ্র্যের হার অন্য মার্কিনিদের চেয়ে বেশি।

কৃষ্ণাঙ্গদের মধ্যে ২৭ দশমিক ৪ এবং হিস্পানিকদের ২৬ দশমিক ৬ শতাংশ দরিদ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পেসমেকারের উদ্ভাবক উইলসন গ্রেটব্যাচ আর নেই


ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হৃদযন্ত্রে স্থাপনযোগ্য পেসমেকারের উদ্ভাবক উইলসন গ্রেটব্যাচ মারা গেছেন। মঙ্গলবার নিউ ইয়র্কের বাফেলোতে নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।

পেসমেকারের উদ্ভাবন গত কয়েক দশকের সবচেয়ে উল্লেখযোগ্য প্রযুক্তিগত আবিষ্কারের একটি বলে স্বীকৃত। রোগাক্রান্ত হৃদযন্ত্রে পেসমেকার স্থাপনের মাধ্যমে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা যায়। যন্ত্রটির উদ্ভাবনে বিশ্বের লাখ লাখ হৃদরোগী আসন্ন মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে।

১৯৬০ সালে মানবদেহে প্রথম পেসমেকার স্থাপন করা হয়। এটি স্থাপনের মাধ্যমে রোগীর হৃদস্পন্দন স্বাভাবিক হয়। এখন প্রতি বছর বিশ্বের কয়েক লাখ মানুষ হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে দেহে পেসমেকার স্থাপন করে।

গ্রেটব্যাচের মৃত্যুর কারণ জানা যায় নি। তার মেয়ে অ্যানি মার্শিয়েলারো তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। আর জামাতা ল্যারি মার্শিয়েলারো জানান, কিছুদিন যাবৎ তার শরীরের অবস্থা খারাপ যাচ্ছিলো।

১৫০টিরও বেশি উদ্ভাবনের স্বত্ব (প্যাটেন্ট) রয়েছে গ্রেটব্যাচের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজীবন সম্মাননা নিলেন রোমান পোলানস্কি

জুরিখ চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করলেন চলচ্চিত্র পরিচালক রোমান পোলানোস্কি। দু'বছর আগে তিনি এ সম্মাননা অর্জন করেন। কিন্তু তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তিনি এতোদিন ওই পুরস্কার গ্রহণ করতে পারেন নি।

১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে পোলানোস্কির বিরুদ্ধে। এই অভিযোগে ২০০৯ সালে জুরিখে তাকে গ্রেপ্তার করে সুইস পুলিশ। গ্রেপ্তারের পর তাকে গৃহবন্দি করা হয়। সম্প্রতি এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় তিনি পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত হতে পেরেছেন বলে বিবিসি জানায়।

বর্তমানে ৭৮ বছর বয়সী পোলিশ-ফরাসি বংশোদ্ভূত এ পরিচালক বিনা বাধায় সুইজারল্যান্ডে ভ্রমণ করতে পারবেন।

পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে যাওয়ার সময় হলভর্তি দর্শক দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে সম্মান জানায়। এ পুরস্কার নেওয়ার জন্য জুরিখে এসেই গ্রেপ্তার হন পোলানস্কি।

পুরস্কার নেওয়ার সময় তিনি বলেন, আমার জন্য অদ্ভুত এক বার্ষিকী এটা। দুই বছর পর একই দিনে। এর কিছু অংশ ভুলে যেতে পারলেই ভালো, তবে এখানে আসতে পেরে আমি আনন্দিত। সুইজারল্যান্ডে আসতে আমি বরাবরই ভালোবাসি।

তার কঠিন সময়ে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশেষ করে জুরিখ কারাগারে থাকার সময় সেখানকার কর্মীদের আমি ধন্যবাদ জানাই। আমার কঠিন সময়টা সহনীয় করে তুলেছিলো তারা।

২০০৯ সালে ফ্রান্স থেকে জুরিখে আসলে বিমান বন্দরেই গ্রেপ্তার করা হয় পোলানস্কিকে। তবে যুক্তরাষ্ট্রের হাতে তাকে হস্তান্তরের আবেদন প্রত্যাখ্যান করে সুইজারল্যান্ড।

১৯৭৭ সালে ধর্ষণসহ ছয়টি অভিযোগে অভিযুক্ত হন পোলানস্কি। ১৯৭৮ সালে ধর্ষণের অপরাধ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রে ৪২ দিন কারাগারে কাটান।

এরপর যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান পোলানস্কি। তারপর আর কখনোই তিনি মার্কিন মুলুকে পা রাখেন নি। এমনকি ২০০৩ সালে 'দ্য পিয়ানিস্ট' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালকের অস্কার জিতলেও পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে যান নি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজধানীতে ভিক্ষুক জরিপ


ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই হাজার ভিক্ষুককে পুনর্বাসন করতে শুক্রবার রাজধানীতে একটি জরিপ চালাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

ভিক্ষুক পুনর্বাসন সেলের প্রধান (যুগ্ম সচিব) গাজী মোহাম্মদ জুলহাস বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর ১০টি এলাকার ৪০০ স্পটে এই জরিপ চালানো হবে।

তবে এর মাধ্যমে রাজধানীতে ভিক্ষুকের সংখ্যা জানা যাবে না। জরিপ শেষে দুই হাজার ভিক্ষুককে পুর্নবাসিত করাই এর লক্ষ্য।

গাজী জুলহাস জানান, প্রতিটি স্পটে এক জন করে তথ্য সংগ্রহকারী এবং এক জন ক্যামেরাম্যান থাকবেন। তথ্য সংগ্রহকারীরা ভিক্ষুকদের তথ্য নেবেন এবং ক্যামেরাম্যান ছবি তুলে রাখবেন, যাতে পরে তাদের চিহ্নিত করা যায়।

এছাড়া প্রতি তিনটি জরিপ দলের কাজ তদারকে একজন করে সুপারভাইজার থাকবেন। আগামী অক্টোবরের শেষ দিকে এই জরিপের ফল প্রকাশ করা হবে।

১০টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মাধ্যমে এই জরিপ চালানো হবে। এনজিওগুলো হলো- হিতৈষী বাংলাদেশ, আর্স বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, জনসেবা কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর রিনোভেশন অফ কমিউনিটি হেলথ এডুকেশন সার্ভিস, কান্ট্রি ভিশন, বেডো, সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা, ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি ও বিআরসিটি।

জুলহাস জানান, প্রতিটি এনজিও একটি করে এলাকার দায়িত্বে থাকবে এবং সর্বোচ্চ এক হাজার ভিক্ষুকের তথ্য সংগ্রহ করবে। অর্থাৎ, ১০টি এনজিও মোট ১০ হাজার ভিক্ষুকের তথ্য সংগ্রহ করতে পারবে।

এ কাজে প্রতিটি এনজিওকে ২ লাখ ৪০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে জানিয়ে যুগ্ম সচিব বলেন, "ভিক্ষুক জরিপে মোট খরচ হচ্ছে ২৪ লাখ টাকা।"

গত ১১ সেপ্টেম্বর সচিবালয়ে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এই ভিক্ষুক জরিপ করার ঘোষণা দেন।

ঢাকার জরিপ ঠিকমতো শেষ হলে পর্যায়ক্রমে সারা দেশে ভিক্ষুক জরিপ পরিচালনা করা হবে বলে গাজী জুলহাস জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Facebook Twitter RSS